চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস

নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক বিভিন্ন সময়ে আটক ৩ কোটি ১৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। 

বুধবার (৬ মে) সকাল ১১টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল, ২৩৮ কেজি গাঁজা, হেরোইন, কোকেন এবং ২৫ হাজার পিসের বেশি নেশাজাতীয় ট্যাবলেট। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। তিনি বলেন, মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে সীমান্তে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের এবং সিভিল সার্জন হাদি জিয়া উদ্দীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন