পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ শনিবার, অনুষ্ঠান হবে ব্রিগেডে

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ শনিবার, অনুষ্ঠান হবে ব্রিগেডে

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে যাচ্ছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আগামী শনিবার (৯ মে ২০২৬) সকাল ১০টায় এই ঐতিহাসিক ময়দানেই অনুষ্ঠিত হবে রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। বুধবার (৬ মে) বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এই তথ্য নিশ্চিত করেছেন।

৯ মে দিনটি বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী ২৫শে বৈশাখ, যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিতেই নতুন সরকারের দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হলেও, এবারই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ব্রিগেডের বিশাল জনসমুদ্রে শপথ নিতে যাচ্ছেন।

শপথ গ্রহণের পাশাপাশি প্রশাসনিক কেন্দ্র নিয়েও বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। নবান্নের পরিবর্তে আবারও ঐতিহাসিক 'মহাকরণ' (রাইটার্স বিল্ডিংস) থেকে সরকার পরিচালনার বিষয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।

শমিক ভট্টাচার্য আজ বুধবার নবান্নে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্রিগেডের গুরুত্ব অপরিসীম হলেও, শপথ অনুষ্ঠানের জন্য এই স্থান নির্বাচনকে অনেকেই 'নজিরবিহীন' ও 'ঐতিহাসিক' বলে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে জয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তন ঘটেছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন