কলাপাড়ায় ১০৪ বছর পর আদালতের যাত্রা শুরু

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
কলাপাড়ায় ১০৪ বছর পর আদালতের যাত্রা শুরু

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিচারিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে যুগ্ম জেলা জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম। এর ফলে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার লাখ লাখ মানুষের দীর্ঘদিনের বিচারিক ভোগান্তির অবসান ঘটলো।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কলাপাড়া চৌকি আদালত ভবনে এই আদালত দুটির কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত বিচারক মেহেদী হাসান। উদ্বোধনের সময় উপজেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি উচ্চ আদালতের নির্দেশে আদালত দুটি পটুয়াখালী জেলা শহর থেকে কলাপাড়ায় স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মানুষকে এতদিন দেওয়ানি ও ফৌজদারি মামলার প্রয়োজনে জেলা শহরে যেতে হতো। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। এখন থেকে এই দুই উপজেলার সকল গুরুত্বপূর্ণ মামলার বিচারিক কার্যক্রম স্থানীয় এই আদালতেই নিষ্পত্তি হবে।

কলাপাড়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, “এটি এই অঞ্চলের মানুষের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এখন থেকে সাধারণ বিচারপ্রার্থীরা বাড়ির কাছেই ন্যায়বিচার পাবেন, যা বিচারিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”

আদালত দুটির কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় বিচারপ্রার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, আদালতের এই বিকেন্দ্রীকরণের ফলে মামলার দীর্ঘসূত্রতা কমবে এবং দরিদ্র মানুষের বিচার পাওয়া সহজ হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন