রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেফতার দাবি নাহিদ ইসলামের

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ণ
রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেফতার দাবি নাহিদ ইসলামের

নিজেস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এই রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই। সেই বক্তব্য এবং বক্তব্য দেওয়ার সুযোগকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা স্পষ্টভাবে বলেছি—এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন।’ তিনি অভিযোগ করেন, মো. সাহাবুদ্দিন দুদকের কমিশনার থাকাকালীন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়েছেন এবং পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ‘ক্লিনচিট’ দিয়েছেন। এ ছাড়া ইসলামী ব্যাংক লুণ্ঠন ও জুলাই গণহত্যার সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তিনি এই রাষ্ট্রপতিকে ‘দুর্নীতিবাজ ও মিথ্যুক’ আখ্যা দিয়ে বলেন, এমন ব্যক্তিকে এখনো পদে রাখা জাতির জন্য দুর্ভাগ্যজনক।

একই আলোচনায় নাহিদ ইসলাম রাজনীতিতে বিভাজনের বিরোধিতা করে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ বিভাজন থাকা কাম্য নয়। তিনি উল্লেখ করেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের ফাউন্ডেশন—এ নিয়ে বিতর্কের সুযোগ নেই। তবে মুক্তিযুদ্ধের নামে লুটপাট ও ফ্যাসিবাদ কায়েমের বিষয়টিও ভোলা যাবে না। জুলাই গণঅভ্যুত্থান ছিল মুক্তিযুদ্ধেরই নবায়ন।’

তিনি ইতিহাসের বিতর্ক পাশে রেখে জনগণকে বিভক্ত করার রাজনীতি পরিহার করে সবাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন