সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন মাদারীপুরের ছোবাহান

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ
সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন মাদারীপুরের ছোবাহান

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর: ঋণের বোঝা আর এক বুক স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের ছোবাহান খা (৪৫)। কিন্তু মাত্র চার মাসের মাথায় সব স্বপ্ন ধূলিসাৎ করে কফিনবন্দী হয়ে দেশে ফিরলেন তিনি। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা নিহতের পরিবার।

নিহত ছোবাহান খা মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের মৃত ইউসুফ আলী খা-এর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সৌদিতে একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় উপর থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার বিকেলে তার মরদেহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার ভোরে ছোবাহানের মরদেহ গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। ৪ মেয়ে ও ১ শিশু ছেলের জনক ছোবাহান অভাবের তাড়নায় প্রায় ৬ লাখ টাকা ঋণ করে সৌদি গিয়েছিলেন। ভিটেমাটি না থাকায় জেলা শহরের হরিকুমারিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা।

নিহতের স্ত্রী মরিয়ম বেগম আর্তনাদ করে বলেন, "স্বামীকে শেষবার দেখতে পেরেছি ঠিকই, কিন্তু সন্তানদের নিয়ে এখন কোথায় দাঁড়াব? ৬ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে সন্তানদের পড়ালেখা কীভাবে চালাব? আমরা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানাই।"

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, সরকারি কোনো সহায়তার সুযোগ থাকলে অবশ্যই নিহতের পরিবারকে তা দেওয়া হবে। তবে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে এ ধরণের পরিবারকে অনুদান দেওয়া হয়; সেখানে যোগাযোগ করলে যথাযথ সহায়তা পাবেন তারা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন