ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা নারী দলের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ের ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হাতছাড়া করল স্বাগতিকরা। টানা দুই জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করল সফরকারী শ্রীলঙ্কা।
লঙ্কানদের লড়াকু সংগ্রহ: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর ৪২ এবং ইমেশা দুলানির ২৭ রানের ওপর ভর করে ভালো শুরু পায় তারা। চতুর্থ উইকেটে নিলাকশিকা সিলভা ও হারশিথা সামারাবিক্রমার ৬১ রানের বিধ্বংসী জুটি শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। হারশিথার ২৯ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান তোলে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে তৃষ্ণা, সুলতানা, নাহিদা ও ঋতু মণি একটি করে উইকেট শিকার করেন।
রান আউটের মহড়ায় পথ হারাল টাইগ্রেসরা: ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৪৬ রান তুলে দারুণ সূচনা করেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। দিলারা ২৩ এবং জুয়াইরিয়া ২৯ রান করে বিদায় নেওয়ার পর মিডল অর্ডারে বিপর্যয় নামে। মূলত রান আউটের ভুলেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি (৭) ও সোবহানা মোস্তারি (০) রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরলে বিপাকে পড়ে দল।
শেষদিকে শারমিন আক্তার ৪৪ রানে অপরাজিত থেকে একাই লড়াই চালিয়ে গেলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
সিরিজের শেষ ম্যাচে আগামী ২ মে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে টাইগ্রেসরা।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ