ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে জমিজমা লিখে নিয়ে ৮০ বছর বয়সী বৃদ্ধ বাবা জমসের আলীকে পরিত্যক্ত ঘরে ফেলে রাখার অমানবিক অভিযোগ উঠেছে তাঁর ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। বর্তমানে ওই বৃদ্ধ উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে একটি জরাজীর্ণ ঘরে চরম অবহেলায় দিন কাটাচ্ছেন।
পেশায় কৃষক জমসের আলী সারা জীবনের সঞ্চয় দিয়ে সংসার গড়েছিলেন। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় পা ভেঙে শয্যাশায়ী হওয়ার পর থেকেই তাঁর জীবনে দুর্যোগ নেমে আসে। অভিযোগ রয়েছে, পুত্রবধূ মর্জিনা খাতুন তাঁর স্বামী সালামকে প্ররোচিত করে সুকৌশলে শ্বশুরের ভিটেমাটি নিজের নামে করিয়ে নেন। সম্পত্তি হস্তান্তরের পর থেকেই বৃদ্ধ বাবার ওপর শুরু হয় অকথ্য অবহেলা।
সরেজমিনে দেখা যায়, প্রায় দুই বছর ধরে জমসের আলীকে একটি অন্ধকার ও পরিত্যক্ত মাটির ঘরে রাখা হয়েছে। ছিদ্রযুক্ত চাল দিয়ে বৃষ্টির পানি সরাসরি ঘরে পড়ে। নেই বিদ্যুৎ বা ন্যূনতম স্যানিটেশন ব্যবস্থা। প্রতিবেশীদের অভিযোগ, তাঁকে ঠিকমতো খাবার দেওয়া হয় না এবং দুর্গন্ধে ঘরে ঢোকা দায় হয়ে পড়েছে। কেউ সাহায্য করতে গেলে পুত্রবধূ বাধা প্রদান করেন।
নিঃস্ব জমসের আলী আকুতি জানিয়ে বলেন, "আমার শেষ সম্বলটুকু ওরা কেড়ে নিয়েছে। এখন আমি শুধু একটু স্বাভাবিকভাবে বাঁচতে চাই।"
স্থানীয় ইউপি সদস্য ইয়ার উদ্দিন আহমেদ জানান, বিষয়টি জানার পর তিনি মর্মাহত এবং দ্রুত ব্যবস্থা না নিলে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভুঁইয়া বলেন, "ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ