আইসক্রিম বেচে স্বাবলম্বী মোতালেবের পরিবার
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আশির দশক থেকে কাঠের বাক্সে 'মালাই আইসক্রিম' বিক্রি করে জীবনের মোড় ঘুরিয়েছেন মো. আব্দুল মোতালেব হোসেন (৬৫)। দীর্ঘ চার দশক ধরে পুরনো দিনের এই ঐতিহ্য ধরে রেখে বিভিন্ন স্কুল-মাদ্রাসা, নদীর খেয়া ঘাট আর গ্রামীণ সড়কে পায়ে হেঁটে আইসক্রিম বিক্রি করছেন তিনি। এই আয়েই দুই ছেলে ও দুই মেয়েকে লেখাপড়া করিয়ে, বিয়ে দিয়ে আজ তিনি স্বাবলম্বী।
আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে সোনারগাঁও সরকারি কলেজের প্রধান ফটকের পাশে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে তাঁর মালাই আইসক্রিম বিক্রির চিরচেনা দৃশ্য দেখা যায়।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আসাদ উল্লাহর ছেলে আব্দুল মোতালেব। কিশোর বয়সেই সংসারের হাল ধরতে কাঁধে তুলে নিয়েছিলেন আইসক্রিমের কাঠের বাক্স। তখন একেকটি আইসক্রিম বিক্রি হতো ৫ পয়সা, ১০ পয়সা কিংবা ২৫ পয়সায়। সেই থেকে শুরু করে আজ অব্দি রোদ-বৃষ্টি উপেক্ষা করে হাড়ভাঙা খাটুনি দিয়ে পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। বর্তমানে পিরিজপুর ইউনিয়নের দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় নিয়মিত আইসক্রিম বিক্রি করেন তিনি।
আব্দুল মোতালেব দৈনিক ‘সকালবেলা’কে বলেন, "সাংবাদিক ভাই, কিশোর বয়স থেকে পরিবারের মুখে হাসি ফোটাতে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে গ্রামে গ্রামে ও অলিগলিতে পায়ে হেঁটে আইসক্রিম বিক্রি করছি। এই কাঠের বাক্সই আমার জীবন যুদ্ধের একমাত্র সঙ্গী। মালাই আইসক্রিম বিক্রির আয় দিয়েই দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে সুখের সংসার গড়েছি। তাদের পড়ালেখা শিখিয়ে বিয়ে দিয়েছি। এখন আমি একটি সুখী ও স্বাবলম্বী পরিবারের কর্তা। জীবনের শেষ দিন পর্যন্ত এই ঐতিহ্য ধরে রাখতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন।"
এআইএল/সকালবেলা
|