আশ্রয় নেওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ সাধন দত্তের বিরুদ্ধে

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ণ
আশ্রয় নেওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ সাধন দত্তের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় কুকুরের তাড়া খেয়ে বাড়িতে আশ্রয় নেওয়া ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে কালী সাধন দত্ত (৭০) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন বিচারকের কাছে ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে শিশুটি প্রতিবেশী এক বন্ধুর বাড়িতে খেলতে যায়। খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় একটি কুকুর দেখে আতঙ্কিত হয়ে সে প্রাণভয়ে প্রতিবেশী কালী সাধন দত্তের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। অভিযোগ উঠে, শিশুটিকে একা পেয়ে কালী সাধন দত্ত ফুঁসলিয়ে ঘরে ডেকে নেন এবং ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

এ সময় শিশুটির চিৎকারে পথচারী দুই কিশোর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। পরবর্তীতে শিশুটি তার দাদির কাছে নির্মম নির্যাতনের বিষয়টি বিস্তারিত খুলে বলে।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত কালী সাধন দত্তকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেন। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত কালী সাধন দত্তকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তাঁকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন