আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ
আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দাফন সম্পন্ন হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র, জন আকাঙ্ক্ষা ও গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যে মিথ্যা বয়ান সৃষ্টি করছেন, তার দায় কোনোভাবেই ভারত এড়াতে পারে না।

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল’ ও ‘ইউট্যাব’-এর যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, "শেখ হাসিনা ও তার দোসরদের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেশ কয়েকটি রায় দিয়েছেন এবং আরও অনেকগুলো মামলার বিচার কাজ চলমান রয়েছে। আকাশ ও হেলিকপ্টার থেকে গুলি করে ১ হাজার ৪০০-এর বেশি মানুষকে হত্যা করার পরও তার মধ্যে কোনো অনুশোচনা বা দুঃখপ্রকাশের মনোভাব দেখা যাচ্ছে না। উল্টো তিনি এ দেশের গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে 'জঙ্গিবাদী তৎপরতা' হিসেবে আখ্যা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন।"

ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাখ্যা দিয়ে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, "বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সম মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো নতজানু সম্পর্ক বিএনপি সমর্থন করে না। আমরা কখনোই আওয়ামী লীগের মতো স্বার্থবিরোধী ভূমিকা পালন করব না।"

ভারতে আশ্রিত শেখ হাসিনার তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরোয়ানা ও দণ্ডপ্রাপ্ত একজন চিহ্নিত গণহত্যাকারীকে ভারতে বসে বিশ্ব মিডিয়া কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়া মোটেও গ্রহণযোগ্য নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অলরেডি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছি। একজন চিহ্নিত ফ্যাসিস্টকে এরূপ সুযোগ দেওয়া বন্ধ করার আহ্বান জানাই।"

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সর্বস্তরের শিক্ষার্থীদের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন