স্ত্রী প্রেমিকের বাড়ি, দুধ দিয়ে গোসল করে স্বামীর সম্পর্কচ্ছেদ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় তিন সন্তান ও সংসার ফেলে পরকীয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে এক গৃহবধূর অনশন এবং এর জেরে দুধ দিয়ে গোসল করে স্বামীর সম্পর্ক ছিন্ন করার ঘটনা ঘটেছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কলাউড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মাহমুদা আক্তারের সাথে একই গ্রামের ফয়েজ মিয়ার (ওরফে খয়েজ) দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি বিষয়টি স্বামী সোহেল মিয়ার নজরে এলে দম্পতির মধ্যে তীব্র পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর জের ধরে গত মঙ্গলবার রাতে তিন সন্তান ও সংসার ফেলে সোজা প্রেমিক ফয়েজের বাড়িতে গিয়ে ওঠেন মাহমুদা। সেখানে তিনি ফয়েজকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
স্ত্রীর এমন পদক্ষেপে চরম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন স্বামী সোহেল মিয়া। পরকীয়ায় লিপ্ত হয়ে স্ত্রী অন্য পুরুষের বাড়িতে অনশন করায় ক্ষুব্ধ স্বামী শনিবার দুপুরে দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সাথে সমস্ত বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
অনশনরত মাহমুদা আক্তার প্রথমে পরকীয়ার বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে সম্পর্কের কথা স্বীকার করেন। অন্যদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ফয়েজ মিয়া মোবাইল ফোন বন্ধ করে গা-ঢাকা দেওয়ায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ক্ষুব্ধ স্বামী সোহেল মিয়া বলেন, "যে নারী তিন শিশুর মায়া ও সংসারের সম্মান ত্যাগ করে অন্যের উদ্দেশ্যে চলে যেতে পারে, তার সাথে আর সংসার করা সম্ভব নয়। তাই দুধ দিয়ে গোসল করে এই অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের স্থায়ী সমাপ্তি টানলাম।"
বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। তিন শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং ঘটনাটি সুরাহা করতে স্থানীয় মাতব্বর ও মুরুব্বিরা সামাজিকভাবে নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
এআইএল/সকালবেলা
|