প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রাণী স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে আরও সহজলভ্য ও আধুনিক করতে ঢাকার বাইরে দেশের প্রতিটি প্রশাসনিক বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে ভেটেরিনারি শিক্ষা শেষ করা গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের পরিধি বাড়াতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত 'বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ' (বিএসভিইআর)-এর ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "ভেটেরিনারি খাতের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের মানুষ এখন খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি ও নিরাপদ প্রোটিন সরবরাহকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তাই আমরা যে প্রাণী বা পশুপাখি খাদ্য হিসেবে গ্রহণ করি, সেটি শতভাগ রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত কি না তা নিশ্চিত করা জরুরি। আর এ কাজে গবেষণার কোনো বিকল্প নেই।"
চিকিৎসা সেবার বিকেন্দ্রীকরণ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, "বর্তমানে মানসম্মত ভেটেরিনারি হাসপাতাল মূলত ঢাকাকেন্দ্রিক। গবাদিপশুর সংখ্যা এবং প্রাণীদের জটিল রোগব্যাধির চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে আমরা প্রতিটি বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল গড়ার পরিকল্পনা হাতে নিচ্ছি।"
ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রসঙ্গে আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, "শিক্ষার্থীরা যেন পড়াশোনা শেষ করেই দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে, সে লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, অর্থমন্ত্রী এবং অর্থসচিবের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। বিষয়টি অতি দ্রুত প্রধানমন্ত্রীকে অবহিত করে প্রয়োজনীয় পদ সৃষ্টি ও চাকরির সুযোগ সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হবে।"
বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সচিব অধ্যাপক ড. সুকুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. এম. ময়নুদ্দিনকে ‘বার্ষিক লেকচার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। ‘ট্রান্সলেটিং ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনটু সাসটেইনেবল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ’ প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনব্যাপী এ বৈজ্ঞানিক সম্মেলনে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৬০০ শিক্ষক, গবেষক ও প্রতিনিধি অংশ নিচ্ছেন।
|