দিনাজপুরে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) এক বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে পাঁচশত পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি শুরু থেকেই প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে।
এই ধারাবাহিকতার অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৭ আগস্ট রাত ৯টা ৪০ মিনিটে ৪২ বিজিবির অধীনস্থ দিহানগর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৩৪৩/৩-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বেলদহী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাবলেটের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
আটককৃত মাদকের সাথে জড়িত পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরণের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|