ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে পাঁচটি ঘোড়া জবাই করে গোশত বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা ২নং সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম ডালিম মিয়া (৪২)। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে একটি পিকআপ ভ্যানে করে বেশ কিছু গোশত ঢাকায় পাঠানো হয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা নজরদারি শুরু করেন। পরে বস্তাভর্তি ঘোড়ার মাথা ও হাড়সহ বর্জ্য সরানোর সময় ডালিম মিয়াকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচটি ঘোড়ার জবাইকৃত অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে।
আটক ডালিম মিয়া দাবি করেন, তার এক আত্মীয় বরিশালে গোশতের ব্যবসা করেন। জামালপুর থেকে পাঁচটি ঘোড়া কিনে এনে জবাই করার পর দুপুরে গোশত ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে, ডালিম মিয়ার স্ত্রী মাজেদা বেগম দাবি করেন, তার ছোট বোনের স্বামী ঢাকায় ব্যবসা করেন এবং তিনিই ঘোড়াগুলো এনে জবাই করেছিলেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ