দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ণ
দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’

আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ডসংখ্যক দিন সমুদ্রের বুকে দায়িত্ব পালন শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। ৩০০ দিনেরও বেশি সময় ধরে চলা এই দীর্ঘ অভিযানে রণতরিটির অন্যতম প্রধান কাজ ছিল ইরানের বিরুদ্ধে কৌশলগত অবস্থান এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে অংশ নেওয়া। স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্য ছাড়বে ইউএসএস ফোর্ড। আশা করা হচ্ছে, মে মাসের মাঝামাঝি সময়ে এটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত নিজস্ব বন্দরে পৌঁছাবে। প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট প্রথম এই খবরটি প্রকাশ করে।

গত সপ্তাহে ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ মধ্যপ্রাচ্যে পৌঁছানোর ফলে বর্তমানে সেখানে তিনটি মার্কিন রণতরি অবস্থান করছে। ২০০৩ সালের পর এই প্রথম ওই অঞ্চলে একসঙ্গে তিনটি মার্কিন রণতরি মোতায়েন করা হলো। এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে তেহরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ও এই অঞ্চলে মোতায়েন করা হয়।

গত বছরের জুনে নরফোক নেভাল স্টেশন থেকে যাত্রা শুরু করার পর ‘ইউএসএস ফোর্ড’ প্রায় ১০ মাস সমুদ্রে অবস্থান করছে। এর মাধ্যমে এটি ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সময় মোতায়েন থাকা রণতরির নতুন রেকর্ড গড়েছে। ইউএস নেভাল ইনস্টিটিউট নিউজের তথ্য অনুযায়ী, গত ৫০ বছরে কোনো মার্কিন রণতরির এটিই দীর্ঘতম অভিযান। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময় ‘ইউএসএস লিংকন’ টানা ২৯৪ দিন সমুদ্রে অবস্থান করে রেকর্ড গড়েছিল। ইউএসএস ফোর্ড সমুদ্রের বুকে ২৯৫তম দিন পার করার মাধ্যমে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন