ঈশ্বরদীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ: তদন্ত কমিটি গঠন

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ
ঈশ্বরদীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ: তদন্ত কমিটি গঠন

মো. হাসান ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রেলগেট লেভেল ক্রসিং খোলা থাকায় একটি সান্টিং ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছে পণ্যবাহী ট্রাক। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন চালক ও তার সহকারী। 

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে ঈশ্বরদী শহরের ব্যস্ততম রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় একটি সান্টিং ইঞ্জিন ক্রসিং অতিক্রম করছিল, কিন্তু তখন রেলগেটটি খোলা ছিল। ট্রাকচালক মো. বাবু জানান, গেট খোলা দেখে তার সামনের কয়েকটি ট্রাক নির্বিঘ্নে লাইন পার হয়ে যায়। তিনি যখন ট্রাকটি নিয়ে রেললাইনে ওঠেন, ঠিক সেই মুহূর্তে ইঞ্জিনটি এসে সজোরে ধাক্কা দেয়। বিকট শব্দে ট্রাকটি ছিটকে গিয়ে রেললাইনের ওপর আটকে পড়ে।

দুর্ঘটনায় রাজশাহী জেলার বাসিন্দা ট্রাকচালক সোহেল রানা বাবর এবং তার ছেলে (হেলপার) মো. হিমেল সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টরকে এই কমিটির প্রধান করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর দায়িত্বরত গেটম্যান বা সংশ্লিষ্ট কারও অবহেলা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি লাইনের ওপর আটকে থাকায় সাময়িকভাবে একটি লাইনে চলাচল বন্ধ থাকলেও বিকল্প লাইন সচল থাকায় ট্রেন চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন