ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নন্দন প্রতিবেদক: আগামীকাল শুক্রবার পহেলা মে, মহান মে দিবস। সরকারি ছুটির এই দিনে রাজধানীর মঞ্চপাড়া মুখরিত থাকবে নাটকের আয়োজনে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বেইলি রোডের মহিলা সমিতি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে।
আরণ্যকের ‘রাঢ়াঙ’ ও পথনাটক: সাঁওতালদের অধিকার আদায়ের সংগ্রামের গল্প নিয়ে আরণ্যক নাট্যদল মঞ্চায়ন করবে তাদের জনপ্রিয় নাটক ‘রাঢ়াঙ’। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি প্রদর্শিত হবে। মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় এই নাটকে সাঁওতাল জনগোষ্ঠীর জীবনসংগ্রাম ও টিকে থাকার লড়াই ফুটে উঠেছে।
এর আগে, সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আরণ্যক পরিবেশন করবে পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’। এছাড়াও থাকছে ভাবনগর সাধুসঙ্গের বাউল গান। উল্লেখ্য, আরণ্যক গত ৪৪ বছর ধরে নিয়মিতভাবে মে দিবস উদযাপন করে আসছে।
মহিলা সমিতিতে ‘বন্যথেরিয়াম’: বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে কাল মঞ্চস্থ হবে নাটক ‘বন্যথেরিয়াম’। বিকেল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকটির পরপর দুটি প্রদর্শনী হবে। সুকুমার রায়ের ‘হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ইভান রিয়াজ। প্রাণ-প্রকৃতি রক্ষা ও মুনাফালোভী ব্যবসায়ীদের মানসিকতার দ্বন্দ্ব নিয়ে নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে।
একনজরে আগামীকালের আয়োজন:
পথনাটক: ‘মূর্খ লোকের মূর্খ কথা’ (সকাল ১০টা, কেন্দ্রীয় শহীদ মিনার)।
মঞ্চনাটক: ‘রাঢ়াঙ’ (সন্ধ্যা ৭টা, শিল্পকলা একাডেমি)।
মঞ্চনাটক: ‘বন্যথেরিয়াম’ (বিকেল ৪:৩০ ও সন্ধ্যা ৬:৩০, মহিলা সমিতি)।
মে দিবসের ছুটির সকালে শহীদ মিনার আর সন্ধ্যায় শিল্পকলা বা মহিলা সমিতিতে নাটক দেখে সময় কাটানোর দারুণ সুযোগ মিলবে দর্শকদের জন্য।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ