পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ণ
পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি
নিজেস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জনস্বার্থে এই বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মকবুল হোসেনকে কুষ্টিয়ায় একই পদে বদলি করা হয়েছে। ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫’র অধিনায়ক এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা এপিবিএন-১৩’র অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআই-এর অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান এবং মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার এবং এপিবিএন’র নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআই-এর পুলিশ সুপার এবং পুলিশ অধিদফতরের শামীমা পারভীনকে ঢাকা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে এবং ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন