দখল ও দূষণে অস্তিত্ব সংকটে গাঢ়ুদহ নদী
আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা হাটের পাশ দিয়ে প্রবাহিত একসময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী গাঢ়ুদহ নদী এখন দখল আর দূষণে বিপর্যস্ত। নদীর বুক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং ময়লা-আবর্জনার স্তূপে নদীটি এখন সরু খালে পরিণত হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে।
স্থানীয়রা জানান, একসময় এই নদীর নির্মল বাতাস ও স্বচ্ছ পানি ছিল এলাকার মানুষের প্রশান্তির উৎস। কিন্তু বর্তমানে সলঙ্গা হাটের যাবতীয় বর্জ্য ও প্লাস্টিক সরাসরি নদীতে ফেলায় এটি ডাস্টবিনে পরিণত হয়েছে। নদীর স্থবির পানিতে পচন ধরে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে, যা আশপাশের এলাকায় বসবাসকারী ও পথচারীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের দখলদারিত্বের কারণে নদীর প্রস্থ দিন দিন সংকুচিত হচ্ছে। একসময়ের প্রমত্তা গাঢ়ুদহ এখন মৃতপ্রায়। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে।
নদী তীরের বাসিন্দারা জানান, দুর্গন্ধে বাড়িতে টিকে থাকাই দায় হয়ে পড়েছে। ছড়াচ্ছে নানা পানিবাহিত রোগ। এলাকার সচেতন মহল অনতিবিলম্বে নদীটি দখলমুক্ত করতে এবং ময়লা অপসারণ করে এর স্বচ্ছ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
এ.আই.এল/সকালবেলা