মোরেলগঞ্জে প্রভাবশালীদলের দখলে ২ কিমি খাল: বিপাকে শত শত কৃষক

মোরেলগঞ্জে প্রভাবশালীদলের দখলে ২ কিমি খাল: বিপাকে শত শত কৃষক

মো. আমিনুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রেনীখালী গ্রামে ২ কিলোমিটার দীর্ঘ 'ইরাবুনিয়া খাল' পুনর্খনন ও সংস্কারের অভাবে স্থবির হয়ে পড়েছে। প্রভাবশালী মহল ও সাবেক ইউপি সদস্যের অবৈধ দখলে থাকায় খালের পানি চলাচল বন্ধ হয়ে গেছে, যা এখন শত শত কৃষকের গলার কাঁটায় পরিণত হয়েছে। সেচ সংকটের কারণে ব্যাহত হচ্ছে একাধিক ফসল উৎপাদন।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বলইবুনিয়া ইউনিয়নের শ্রেনীখালী গ্রামের ওয়াপদা বেড়িবাঁধ থেকে শুরু হওয়া ২ কিলোমিটারের এই খালটি পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘ বছর ধরে পানি চলাচল বন্ধ। ফলে খালের দু’পাড়ের শতাধিক কৃষক পরিবার রবিশস্য ও বোরো আবাদ করতে পারছে না। বর্তমানে শুধুমাত্র আমন ধানের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। এছাড়া রান্নাবান্না, গোসলসহ দৈনন্দিন কাজেও দেখা দিয়েছে চরম পানির অভাব। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় প্রতিটি বাড়িতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

স্থানীয়দের অভিযোগ, খালটি শুকিয়ে যাওয়ায় এর বিভিন্ন অংশ দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির আহমেদ পল্টু খালের একটি বড় অংশে বাঁধ দিয়ে বছরের পর বছর মাছ চাষ করে আসছেন। স্থানীয় বাসিন্দা ওলিউর রহমান খান, নাসির খান ও জামায়াতে ইসলামী ৪নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান জানান, এই খালটি পুনর্খনন করা হলে প্রায় ২০০ হেক্টর জমিতে তিন ফসলের বিপ্লব ঘটবে, যা এলাকার অর্থনৈতিক চিত্র বদলে দেবে।

অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য কবির আহমেদ পল্টু বলেন, "খাল দখলের অভিযোগ সঠিক নয়। খালটি ভরাট হয়ে পড়ে থাকায় খাওয়ার জন্য কিছু মাছ ছেড়েছিলাম। এটি বাণিজ্যিক কোনো চাষ ছিল না। আমরাও চাই দ্রুত খালটি খনন করা হোক, এতে আমাদের পরিবারের জমিরও উপকার হবে।"

ভুক্তভোগী কৃষকরা খালের অবৈধ দখল উচ্ছেদ করে দ্রুত পুনর্খননের জন্য ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ ও জোর দাবি জানিয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন