নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: প্রধান আসামিসহ ৭ জন ৮ দিনের রিমান্ডে

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: প্রধান আসামিসহ ৭ জন ৮ দিনের রিমান্ডে

মো. নুরনবী সানি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে কিশোরী আমিনাকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো. মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। পুলিশ জানিয়েছে, প্রধান আসামি নূরা গত শুক্রবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে এবং একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

নিহত কিশোরীর মা ফাহিমা বেগমের দায়ের করা মামলায় ৯ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত ৪ জন এবং হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় সহায়তাকারী সাবেক মেম্বারসহ ৩ জন রয়েছেন। গত ২৫ ফেব্রুয়ারি রাতে আমিনার বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একটি চক্র তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আমিনার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, মামলার বাকি দুই পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন