বেগমগঞ্জের সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ আটক

বেগমগঞ্জের সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ আটক

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত সন্ত্রাসী ‘দেলোয়ার বাহিনী’র প্রধান মো. দেলোয়ার হোসেনকে (৩৫) ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

রোববার (২৬ এপ্রিল) সকালে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদীনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেলোয়ারের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দেলোয়ার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের মৃত ছায়দল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার বেগমগঞ্জ এলাকায় ‘দেলোয়ার বাহিনী’ গঠন করে দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনসহ মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মো. মহিউদ্দিন বলেন, "গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন