ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জমির উদ্দিন, আলীকদম উপজেলা প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলার দুর্গম কমলাবাগান এলাকায় বসবাসরত বিভিন্ন নৃ-গোষ্ঠীর ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আলীকদম সেনা জোন। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আলীকদম সেনা জোনের আওতাধীন এই দুর্গম এলাকার মার্মা, চাকমা ও ত্রিপুরা অধ্যুষিত তিনটি পাড়ায় এসব শীতের কম্বল বিতরণ করা হয়। পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর নিয়মিত মানবিক সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী ঐতিহ্যবাহী রীতিতে ফুলের মালা পরিয়ে জোন কমান্ডারকে আন্তরিকভাবে বরণ করে নেন। এ সময় স্থানীয়দের উদ্যোগে একটি সংক্ষিপ্ত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জোন কমান্ডারকে নিজেদের মাঝে পেয়ে পাহাড়ি জনপদের সাধারণ মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সেনাবাহিনীর এই মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীরা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর নিরলস উপস্থিতি ও সহায়তার কারণেই তারা বর্তমানে দুর্গম এলাকায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। বিশেষ করে পাহাড়ি এলাকায় স্থিতিশীলতা বজায় থাকায় তারা নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য ও কৃষি কাজ পরিচালনা করতে সক্ষম হচ্ছেন। সেনাবাহিনীর এমন প্রত্যক্ষ সহযোগিতা ও আন্তরিকতা পাহাড়ি জনগোষ্ঠীর মনে নিরাপত্তা ও আস্থার জায়গা আরও দৃঢ় করেছে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল।
শীতবস্ত্র বিতরণকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়ন সেনাবাহিনীর অন্যতম অগ্রাধিকার। তিনি আরও বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এবং স্থানীয় জনগণের মৌলিক সমস্যা সমাধানে এ ধরনের মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ