ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে পারভেজ হোসেন নামের এক শারীরিক প্রতিবন্ধী তরুণকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার আঙ্গারপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পারভেজ উপজেলার কীর্তিপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা একজন দৃষ্টিপ্রতিবন্ধী। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন পারভেজ। স্থানীয়দের সহায়তায় পাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে তিনি তাঁর অসহায় পরিবারের অন্ন জোগাতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর পারভেজ আর ফিরে আসেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। অবশেষে শনিবার বিকেলে আঙ্গারপাড়া গ্রামের নির্জন কলাবাগানে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঝিকরগাছা থানার পুলিশ জানায়, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, ঘাতকরা কেবল ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই পারভেজকে হত্যা করেছে। ঘটনার পর থেকে তাঁর ভ্যানটির কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
ভিক্ষার জীবন ছেড়ে সম্মানের সঙ্গে বাঁচার জন্য কঠোর পরিশ্রম করা এক তরুণের স্বপ্ন এভাবে ধূলিসাৎ হয়ে যাওয়ায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্ধ বাবার আহাজারিতে কীর্তিপুর গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। প্রতিবেশী ও সচেতন মহল এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) জানিয়েছেন, জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ