ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী অফিস ভাঙচুর

ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী অফিস ভাঙচুর

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ১১ নম্বর মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

বুধবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। নির্বাচনী কার্যক্রম শুরুর পরপরই এমন ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট প্রার্থী। এক বিবৃতিতে মজিবুর রহমান মঞ্জু বলেন, তার নির্বাচনী অফিসে যে ভাঙচুর চালানো হয়েছে, তা অত্যন্ত বর্বরোচিত। তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে জানান, জনগণের ভালোবাসা ও সমর্থনে একটি অফিস শুরু হওয়াতেই যারা আতঙ্কিত হয়ে উঠেছেন, তাদের এই ভাঙচুরই প্রমাণ করে তারা রাজনৈতিকভাবে কতটা দিশেহারা।

বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান আরও উল্লেখ করেন যে, সন্ত্রাস ও অপরাজনীতির মাধ্যমে জনগণের কণ্ঠ কখনো রুদ্ধ করা সম্ভব নয়। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একইসঙ্গে তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণই শান্তিপূর্ণভাবে ব্যালটের মাধ্যমে তাদের রায় দেবে এবং সেই রায়ে সন্ত্রাস ও অপরাজনীতির পরাজয় নিশ্চিত হবে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

জে.এইচ.এম/সকালবেলা

মন্তব্য করুন