পুখুরিয়ায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার গণসংযোগ ও উন্নয়ন প্রতিশ্রুতি

পুখুরিয়ায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার গণসংযোগ ও উন্নয়ন প্রতিশ্রুতি

হেলাল মুন্সী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ-২ আসনে আসন্ন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল লপাইক্কান্দি ইউনিয়নের পুখুরিয়া বাজারে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এসময় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

গণসংযোগ শেষে পুখুরিয়া আদর্শ গ্রামে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কামরুজ্জামান ভূইয়া লুটুল। সভায় স্থানীয় বিপুলসংখ্যক নারী, পুরুষ ও তরুণ ভোটারদের উপস্থিতিতে তিনি বলেন, পুখুরিয়া আদর্শ গ্রাম দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। যুগের পর যুগ পার হলেও এখানকার মানুষের মৌলিক চাহিদাগুলো এখনও পূরণ হয়নি, যা অত্যন্ত বেদনাদায়ক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আধুনিক যুগে এসেও এই গ্রামের মানুষের জন্য সুপেয় পানির সুব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়নি।

নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে কামরুজ্জামান ভূইয়া লুটুল বলেন, “নির্বাচিত হতে পারলে পুখুরিয়া আদর্শ গ্রামের মানুষের জন্য সবার আগে সুপেয় পানি ও উন্নত স্যানিটারি ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া এলাকার শিশুদের জন্য মানসম্মত পড়াশোনার পরিবেশ তৈরি করা আমার অন্যতম প্রধান লক্ষ্য। কারণ শিক্ষা ছাড়া কোনো সমাজের টেকসই উন্নয়ন সম্ভব নয়।” তিনি আরও যোগ করেন, এই অবহেলিত জনপদকে একটি পরিকল্পিত ও মডেল গ্রামে রূপান্তর করার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তিনি কাজ করবেন।

সভায় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের নানা সমস্যা ও বঞ্চনার কথা প্রার্থীর সামনে তুলে ধরেন। প্রার্থী তাদের প্রতিটি অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে। প্রার্থীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন, যা সাধারণ ভোটারদের মধ্যেও নতুন প্রাণের সঞ্চার করেছে।

এইচ.এম/সকালবেলা

মন্তব্য করুন