কালকিনিতে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযান: নারীসহ আটক ৩

কালকিনিতে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযান: নারীসহ আটক ৩

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি গ্রামে কালকিনি আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন— সূর্যমণি গ্রামের মৃত জাহাঙ্গীর সরদারের স্ত্রী মোসাম্মৎ নাজমা (৫৫), রায়পুর গ্রামের নজরুল বেপারীর ছেলে মো. ইউসুফ (১৮) এবং সূর্যমণি গ্রামের সোহেল ঢালির ছেলে হাসান ঢালি (২৮)। যৌথবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে আটককৃতদের হেফাজত থেকে ৬৭ পিস ইয়াবা, ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

কালকিনি থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতে আরও জোরদার ও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অভিযানের পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এন.জে/সকালবেলা

মন্তব্য করুন