গজারিয়ায় কামরুজ্জামান রতনের পক্ষে ধানের শীষের বিশাল মিছিল ও গণসংযোগ

গজারিয়ায় কামরুজ্জামান রতনের পক্ষে ধানের শীষের বিশাল মিছিল ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে গজারিয়া ইউনিয়নে বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার গজারিয়া ইউনিয়নে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি গজারিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রচারণা মিছিলটি বাঁশগাঁও মোড় থেকে শুরু হয়ে সোনালি মার্কেট, সোনাইকান্দী, দক্ষিণ ফুলদী, উত্তর ফুলদী, সাব বাড়ি ও দুলাল মার্কেট প্রদক্ষিণ করে পুনরায় সোনালি মার্কেটে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে আকাশছোঁয়া স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে লিফলেট বিতরণ করেন। মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে ধানের শীষের প্রতি মানুষের আস্থা ও সমর্থন দিন দিন বাড়ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে ভোটাররা কেন্দ্র দখল ও সব বাধা উপেক্ষা করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কামরুজ্জামান রতনের বিজয় নিশ্চিত করবেন।

মিছিলে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী উল্লাহ ফরিদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর একেএম গিয়াসউদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাজী আহসান উল্লাহ চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হারুন সরদার। এছাড়াও অংশ নেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন গাজী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ মোল্লা, গজারিয়া উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসিক ইকবাল, গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী রিয়াজ এবং আহ্বায়ক কমিটির সদস্য মাজেদ মেম্বার। কর্মসূচিতে সানাউল্লাহ জেহাদ, বিল্লাল আকন্দ, সুরুজ জামান লিটন, রাসেল মেম্বার, পারভেজ মেম্বার, জুলহাস সরকার, নজরুল শিকদার, কবির দেওয়ান ও আমির হোসেন জিহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন