রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত: জেলেনস্কি

যুদ্ধক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

জেলেনস্কি বলেন, ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের সংখ্যা—পেশাদার ও বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত মিলিয়ে—মোট প্রায় ৫৫ হাজার। তিনি আরও জানান, এখনো বিপুলসংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক-ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২০২৬ সালের বসন্ত নাগাদ উভয় পক্ষ মিলিয়ে মোট সামরিক হতাহত, আহত ও নিখোঁজের সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে।

সিএসআইএস-এর হিসাবে, এই যুদ্ধে রাশিয়ার প্রায় ১২ লাখ সেনা হতাহত হয়েছে এবং ইউক্রেনের ক্ষেত্রে এই সংখ্যা ৫ থেকে ৬ লাখের মধ্যে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ শুরুর প্রায় চার বছরে রাশিয়ার আনুমানিক ৩ লাখ ২৫ হাজার সেনা নিহত হয়েছে।

যুদ্ধটি বেসামরিক জনগণের ওপরও মারাত্মক প্রভাব ফেলেছে। জাতিসংঘের পর্যবেক্ষকদের মতে, ২০২৫ সালে ইউক্রেনে বেসামরিক মৃত্যুর সংখ্যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় জানিয়েছে, শুধু ২০২৫ সালেই অন্তত ২ হাজার ৫০০ বেসামরিক মানুষ নিহত এবং ১২ হাজারের বেশি আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন