ভোট নিয়ে ড. মিজানুর রহমান আজহারির স্ট্যাটাস

ভোট নিয়ে ড. মিজানুর রহমান আজহারির স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তরুণ ভোটারদের উদ্দেশ্য করে লিখেন, “তারুণ্যের প্রথম ভোট, ন‍্যায় ও ইনসাফের পক্ষে হোক।” আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচন নিয়ে আজহারির এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণার ক্ষেত্রে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। ইসি জানিয়েছে, কোনো প্রার্থী বা তার এজেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাতে চাইলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নাম, আইডি এবং ই-মেইল বিস্তারিত তথ্য প্রচারণা শুরুর আগেই রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।

এছাড়া আচরণ বিধিমালার ২২(২) ধারা অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন প্রদান, বুস্টিং বা স্পন্সরশিপের যাবতীয় খরচ প্রার্থীর নির্বাচনী ব্যয়ের সীমার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, রিটার্নিং অফিসাররা প্রার্থীরা কোন কোন মাধ্যম ব্যবহার করছেন তার তথ্য সংগ্রহ করে দ্রুত কমিশনে পাঠাবেন। কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো হলে সাইবার সিকিউরিটি সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তফসিল অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা চলবে ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন