রাজধানীর পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

রাজধানীর পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি বাসা থেকে একই পরিবারের চার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি ঘর থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাঁদের দুই সন্তান রয়েছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হলে তারা এসে আলামত সংগ্রহ ও প্রাথমিক তদন্ত শুরু করে। মৃতদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রাথমিকভাবে নিহতদের বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের বরাতে পুলিশ জানিয়েছে, পরিবারটি দীর্ঘদিন ধরে চরম ঋণগ্রস্ত ছিল। ঋণের বোঝা ও আর্থিক সংকটের কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, গভীর হতাশা থেকে তারা সপরিবারে আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এটি কি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন