ডাল-তৈলবীজ উৎপাদনে বিএডিসির বড় উদ্যোগ

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ণ
ডাল-তৈলবীজ উৎপাদনে বিএডিসির বড় উদ্যোগ

অনক আলী হোসেন শাহিদী: দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ডাল ও ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে দেশীয় উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্য অর্জনে উন্নত ও উচ্চ ফলনশীল জাতের বীজ উৎপাদন, কৃষক পর্যায়ে সরবরাহ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।

এ লক্ষ্যে বিএডিসি বাস্তবায়ন করছে ‘ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’। প্রকল্পটির মাধ্যমে গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং কৃষকদের মধ্যে বিতরণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের পুষ্টি নিরাপত্তা জোরদারের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় উন্নয়ন এবং আমদানি ব্যয় কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ডালের বার্ষিক চাহিদা প্রায় ২৫ লাখ মেট্রিক টন। বিপরীতে উৎপাদন হচ্ছে মাত্র ৯ লাখ ৩৭ হাজার মেট্রিক টন। অন্যদিকে, ভোজ্যতেলের বার্ষিক চাহিদা প্রায় ২৪ লাখ ৮২ হাজার মেট্রিক টন হলেও দেশীয় উৎপাদন মাত্র ১০ লাখ ৬৪ হাজার মেট্রিক টন।

চাহিদা ও উৎপাদনের এই ব্যবধান পূরণে প্রতিবছর বিপুল পরিমাণ ডাল ও ভোজ্যতেল আমদানি করতে হয়। এতে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। ফলে দেশীয় উৎপাদন বাড়ানো এখন কৃষি উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্যও গুরুত্বপূর্ণ।

এই বাস্তবতায় উন্নত ও উচ্চ ফলনশীল জাতের গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন এবং কৃষকদের মধ্যে তা সময়মতো সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

২০২৪ সালের ৮ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত চার বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আওতায় ১৮ হাজার মেট্রিক টন গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের আটটি বিভাগের ৪২টি জেলা, দুটি সিটি করপোরেশন এবং ২০০টি উপজেলায় প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ কার্যক্রম বাস্তবায়নে রয়েছে তিনটি ডাল ও তৈলবীজ খামার, তিনটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং ১২টি চুক্তিবদ্ধ চাষি জোন।

প্রকল্পের আওতায় মসুর, মুগ, খেসারি, ছোলা, মাসকলাই, মটর ও ফেলনসহ বিভিন্ন জাতের ডাল এবং সরিষা, সয়াবিন, চিনাবাদাম, তিল ও সূর্যমুখীসহ বিভিন্ন তৈলবীজ উৎপাদন করা হচ্ছে।

এর ফলে একদিকে দেশীয় বীজের চাহিদা পূরণের সুযোগ তৈরি হবে, অন্যদিকে কৃষক পর্যায়ে ফসলের বহুমুখীকরণ এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বাড়বে।

প্রকল্পটির অর্থনৈতিক সম্ভাবনাও বেশ উল্লেখযোগ্য। প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী, ১৮ হাজার মেট্রিক টন উন্নতমানের ডাল ও তৈলবীজ ব্যবহার করে প্রায় ৩০ লাখ ২৯ হাজার ৮৪৯ একর জমিতে ফসল উৎপাদন করা সম্ভব হবে। এতে আনুমানিক ১২ লাখ ৮২ হাজার ৮৯৬ দশমিক ৮৩ মেট্রিক টন ফসল উৎপাদিত হতে পারে, যার বাজারমূল্য প্রায় ১৪ হাজার ৮২২ কোটি ৩৫ লাখ টাকা।

প্রকল্পের তথ্য অনুযায়ী, গুণগত মানসম্পন্ন বীজ ব্যবহারে সাধারণত ফসলের ফলন ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেশি হয়। সেই হিসাবে প্রকল্পের মেয়াদে উৎপাদিত বীজ ব্যবহারের ফলে অতিরিক্ত প্রায় ২ লাখ ৫৬ হাজার ৪৯৯ দশমিক ৩৬৫ মেট্রিক টন ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৯৬৪ কোটি ৪৭ লাখ টাকা।

প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ২৬৫ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার টাকা। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রকল্পের আওতায় ব্যয় হয়েছে ৬৮ কোটি ৯৪ লাখ টাকা।

বিশ্লেষকদের মতে, উন্নত বীজের ব্যবহার বাড়লে একই জমিতে অধিক উৎপাদন সম্ভব হবে। এতে কৃষকের উৎপাদনশীলতা ও আয় বাড়বে এবং দেশীয় বাজারে ডাল ও তৈলবীজের সরবরাহ সম্প্রসারিত হবে। দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা কমানোর ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে ৩ হাজার ৭২৩ দশমিক ১১২ মেট্রিক টন গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ডালজাতীয় বীজ ১ হাজার ৯১৫ দশমিক ৯৩১ মেট্রিক টন এবং তৈলবীজ ১ হাজার ৮০৯ দশমিক ১৮১ মেট্রিক টন।

উৎপাদিত এসব বীজ ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের মধ্যে বিতরণ ও সরবরাহ করা হচ্ছে।

প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী, এসব বীজ ব্যবহারের ফলে প্রায় ৬ লাখ ৬ হাজার ৩৬০ একর জমিতে অতিরিক্ত ৫১ হাজার ৪৫৫ দশমিক ০০৬ মেট্রিক টন ফসল উৎপাদিত হতে পারে। যার আনুমানিক বাজারমূল্য ৫৯৭ কোটি ৫৭ লাখ টাকা।

প্রকল্প সংশ্লিষ্টদের প্রত্যাশা, এর মাধ্যমে চলতি অর্থবছরে জাতীয় অর্থনীতিতে প্রায় ৬০০ কোটি টাকার অতিরিক্ত কৃষিপণ্য যুক্ত হবে।

প্রকল্পের কার্যক্রমে মাঠপর্যায়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। চলতি রবি মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের মধ্যে ডাল ও তৈলবীজ চাষে আগ্রহ বাড়ছে।

বিশেষ করে সরিষা, সয়াবিন, চিনাবাদাম, তিল ও সূর্যমুখীসহ বিভিন্ন তৈলবীজ এবং মসুর, মুগ, খেসারি, ছোলা, মাসকলাই, মটর ও ফেলনজাতীয় ডালবীজ কৃষকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

কৃষকদের ভাষ্য, বিএডিসির সরবরাহ করা উন্নতমানের বীজ ব্যবহারে উৎপাদন বাড়ছে, তুলনামূলকভাবে উৎপাদন খরচ কমছে এবং বাজারে ভালো দাম পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

তবে এ আগ্রহ ধরে রাখতে হলে কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো বীজ সরবরাহ, মান নিয়ন্ত্রণ এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি।

প্রকল্পের আওতায় ২ হাজার চুক্তিবদ্ধ কৃষককে ডাল ও তৈলবীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এর পাশাপাশি চুক্তিবদ্ধ চাষি এলাকায় কৃষক-কৃষাণী ও কৃষিশ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উৎপাদন কার্যক্রম সম্প্রসারিত হলে গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন প্রকল্প পরিচালক ড. মো. শফিকুল ইসলাম। তিনি ২০২৪ সালের ১৩ আগস্ট বিএডিসির ডাল ও তৈলবীজ বিভাগে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন, প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় অনুমোদন এবং পরবর্তী সময়ে একনেকে অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করেন।

প্রকল্প পরিকল্পনা থেকে মাঠপর্যায়ে কার্যক্রম সমন্বয়, চুক্তিবদ্ধ কৃষকদের সম্পৃক্তকরণ, বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাকে সমন্বিত কাঠামোর আওতায় আনার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখছেন।

নিয়মিত মাঠপরিদর্শন, সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং নির্ধারিত সময়ে কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও কৃষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বলেন, “১৯৬১ সাল থেকে বিএডিসি দেশের কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং সার, সেচ ও বীজ ব্যবস্থাপনার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠপর্যায়ে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন।”

তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পের মাধ্যমে উন্নতমানের বীজ উৎপাদন ও সরবরাহ বাড়বে এবং দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, “দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি মন্ত্রণালয় কৃষির টেকসই উন্নয়নে কাজ করছে এবং এ ক্ষেত্রে বিএডিসি অগ্রণী ভূমিকা পালন করছে। ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প দেশের ডাল ও তেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কৃষি মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।”

কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ বলেন, দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অতীতেও গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীজ, সার ও কৃষি প্রযুক্তির প্রসারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কৃষির আধুনিকায়ন, সহজ শর্তে কৃষিঋণ, উন্নত বীজ ও সার সরবরাহ এবং কৃষকদের ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন ও ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে সরকার উন্নত ও জলবায়ু সহিষ্ণু বীজ উৎপাদনে কাজ করছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, ডাল ও তৈলবীজ উৎপাদন বৃদ্ধি সরকারের কৃষিবান্ধব উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ প্রকল্পের মাধ্যমে দেশের ডাল ও ভোজ্যতেলের দেশীয় উৎপাদন বাড়বে, পুষ্টি নিরাপত্তা শক্তিশালী হবে এবং বিদেশ থেকে আমদানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে উৎপাদন বৃদ্ধি ও উন্নত বীজের ব্যবহার কৃষকের আয় বাড়াতে সহায়ক হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের কৃষিবান্ধব উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং একটি আধুনিক, উৎপাদনমুখী ও স্বনির্ভর কৃষি অর্থনীতি গড়ে তোলার পথ সুগম হবে।

বিশেষজ্ঞদের মতে, ডাল ও তৈলবীজের উৎপাদন বৃদ্ধি শুধু খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ নয়; এর সঙ্গে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়গুলোও জড়িত।

তবে প্রকল্পের প্রত্যাশিত সুফল পেতে হলে নির্ধারিত সময়ে বাস্তবায়ন, উন্নত বীজের গুণগত মান নিশ্চিত করা, কৃষকদের চাহিদা অনুযায়ী সরবরাহ, আধুনিক সংরক্ষণব্যবস্থা এবং বাজারজাতকরণে কার্যকর সমন্বয় বজায় রাখতে হবে।

সব মিলিয়ে বিএডিসির ডাল ও তৈলবীজ উৎপাদনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটি দেশের কৃষি ও পুষ্টি নিরাপত্তা জোরদারে একটি সম্ভাবনাময় উদ্যোগ। সফল বাস্তবায়নের মাধ্যমে এটি আমদানি নির্ভরতা কমানো, কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ও স্বনির্ভর কৃষি অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

এআইএল/সকালবেলা