‘জুলাই বিপ্লবের চেতনাকে স্থায়ী রূপ দিতে তরুণরা দৃঢ়প্রতিজ্ঞ’: মামুনুল হক

‘জুলাই বিপ্লবের চেতনাকে স্থায়ী রূপ দিতে তরুণরা দৃঢ়প্রতিজ্ঞ’: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম জেগে উঠেছে এবং তারা জুলাই বিপ্লবের চেতনাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা মামুনুল হক। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ফুলপুরে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহর ‘রিকশা’ প্রতীকের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

মামুনুল হক তাঁর বক্তব্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “গুণ্ডামি, দখলদারিত্ব ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের দিন এখন শেষ। যারা এখনো সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে দেশকে শোষণের স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।” তিনি আরও যোগ করেন, “এবারের জাতীয় নির্বাচন কেবল ক্ষমতার রদবদল নয়, বরং এটি দেশের মানুষের ভাগ্য নির্ধারণ এবং দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে এক বড় সংগ্রামের নির্বাচন।”

জনসভায় সভাপতিত্ব করেন ওই আসনের প্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহ। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “জনগণ সুযোগ দিলে আগামী পাঁচ বছর আমি এমনভাবে কাজ করব, যার সুফল মানুষ পরবর্তী ১০০ বছর পর্যন্ত ভোগ করবে। আইনের শাসন ও অপরাধমুক্ত সমাজ গঠনই আমার প্রধান লক্ষ্য।” নিজেকে জনগণের সেবক হিসেবে উল্লেখ করে তিনি বিজয়ী হলে এলাকাকে উন্নয়নের মডেলে রূপান্তরের প্রতিশ্রুতি দেন।

সভার শেষ পর্যায়ে আল্লামা মামুনুল হক উপস্থিত জনতাকে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ময়মনসিংহে-২ আসনে মুফতি মোহাম্মদুল্লাহকে ‘রিকশা’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান। সভায় স্থানীয় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

এম.জে/সকালবেলা

মন্তব্য করুন