জামায়াত-শিবির ভোট চুরির পরিকল্পনা করছে: আবিদুল ইসলাম আবিদ

জামায়াত-শিবির ভোট চুরির পরিকল্পনা করছে: আবিদুল ইসলাম আবিদ

নিজস্ব প্রতিবেদক: বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ অভিযোগ করেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোট চুরির গভীর পরিকল্পনা করছে জামায়াত-শিবির। তিনি বলেন, বিগত দিনে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ‘গুপ্ত রাজনীতি’ করা জামায়াত-শিবিরের সদস্যরা গত পলাতক সরকারের সংস্পর্শে থেকে ভোট চুরির নানা কূটকৌশল আয়ত্ত করেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

বক্তব্যে আবিদ বিএনপি কর্মীদের সতর্ক করে বলেন, “ইতোমধ্যে এক জামায়াত নেতা ভোটের সিলসহ গ্রেপ্তার হয়েছেন। প্রতিটি কর্মীকে সজাগ থাকতে হবে যাতে তারা অতিরিক্ত ব্যালট পেপার বা সিল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারে। গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার স্বার্থে যেকোনো মূল্যে তাদের ভোট চুরির নীল নকশা রুখে দিতে হবে।”

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। তিনি বলেন, এবারের নির্বাচন দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই, তাই কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, এম. কফিল উদ্দিন, মো. আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো. আমান উল্লাহ, হারুন অর রশিদ খোকা, চাঁন মিয়া বেপারী এবং উত্তরা পশ্চিম থানা বিএনপির আজমল হুদা মিঠুসহ স্থানীয় ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে এস এম জাহাঙ্গীর হোসেনকে জয়যুক্ত করার আহ্বান জানান।

এন.পি/সকালবেলা

মন্তব্য করুন