ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নরসিংদী প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের ৬৬৩টি কেন্দ্রের মধ্যে ৩৯৩টিকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নরসিংদী-১ (সদর) আসনের ১৪২টি কেন্দ্রের মধ্যে ৯৮টি, নরসিংদী-২ (পলাশ) আসনের ৯১টির মধ্যে ৩৭টি, নরসিংদী-৩ (শিবপুর) আসনের ১০১টির মধ্যে ৮২টি, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ১৬২টির মধ্যে ১১০টি এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের ১৬৭টি কেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতীতের নির্বাচনী সংঘাত, কেন্দ্রের অবকাঠামো, সামাজিক প্রেক্ষাপট এবং যাতায়াত ব্যবস্থা বিবেচনায় এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত ২৫০টি কেন্দ্রে স্ট্রাইকিং টিম হিসেবে সেনাবাহিনী এবং বিজিবি দায়িত্ব পালন করবে। সাধারণ কেন্দ্রের তুলনায় এসব কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যের সংখ্যা বেশি থাকবে। এছাড়া সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের চেষ্টা চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বডি ক্যামেরাসহ দায়িত্ব পালন করবে।
নরসিংদীর ৫টি আসনে এবার মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২৩৭ জন, যার মধ্যে নারী ভোটার ৯ লাখ ৭০ হাজার ৯৮৭ জন এবং পুরুষ ভোটার ১০ লাখ ৩০৪ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে।
এন.এস/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ