৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের আগে বড় চমক দিল বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। সরাসরি চুক্তিতে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৬ মৌসুমের জন্য এই চুক্তিতে মুস্তাফিজের পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন 'ফিজ'। দীর্ঘ বিরতির পর আবারও পুরোনো ঠিকানায় ফিরছেন এই বাঁহাতি পেসার। মুস্তাফিজের দলে ফেরার বিষয়টি নিশ্চিত করে লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বলেন, “একবার কালান্দার মানেই চিরকাল কালান্দার। মুস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারের অংশ। শিরোপা ধরে রাখার লড়াইয়ে তার অভিজ্ঞতা আমাদের বড় শক্তি হবে।”

লাহোর কালান্দার্স মুস্তাফিজকে দলে নেওয়ার পাশাপাশি তাদের স্কোয়াডে ধরে রেখেছে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা এবং প্রতিভাবান তরুণ মোহাম্মদ নাইমকে। মুস্তাফিজ ও শাহীনের এই নতুন পেস জুটি টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ হতে যাচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির নানা টানাপড়েনের কারণে আলোচনায় ছিলেন মুস্তাফিজ। গত মাসে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাকে দল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। এর পরিপ্রেক্ষিতে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। এমন পরিস্থিতিতে পিএসএল-এ মুস্তাফিজের এই বড় চুক্তি তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করল।

এস.বি/সকালবেলা

মন্তব্য করুন