বগুড়ায় নকল তাল মিসরি কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

বগুড়ায় নকল তাল মিসরি কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকায় নকল ও অনিরাপদ শিশুখাদ্য উৎপাদনের দায়ে একটি কারখানায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে। অভিযানের লক্ষ্যবস্তু ছিল ‘মেসার্স আবিদ ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠান।

অভিযানকালে কারখানাটিতে জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ একাধিক অনিয়মের চিত্র উঠে আসে। সেখানে নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য তাল মিসরি তৈরি করা হচ্ছিল। একই সঙ্গে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। এছাড়াও নামী প্রতিষ্ঠানের নকল মোড়কে তাল মিসরি বাজারজাতকরণ এবং চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধ স্বীকার করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল তাল মিসরি ও ক্ষতিকর কাঁচামাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল বগুড়া জেলা পুলিশের একটি দল। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডব্লিউ.এস/সকালবেলা

মন্তব্য করুন