ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ফরিদপুর আগমন ও জনসভা উপলক্ষে এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শহরের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামীকাল শুক্রবার ফরিদপুরের ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভাকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদর উদ্দিন। এতে আগামীকালের জনসভার রূপরেখা তুলে ধরেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব। নেতৃবৃন্দ জানান, জনসভায় প্রায় লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজেন্দ্র কলেজ মাঠের মঞ্চ নির্মাণসহ অধিকাংশ প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরিদপুর জেলা ছাড়াও ওইদিন বোয়ালমারীতেও পৃথক জনসভায় বক্তব্য রাখবেন আমিরে জামায়াত। এবারের জনসভা থেকে ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপন, সিটি কর্পোরেশন গঠন, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ একগুচ্ছ দাবি সরকারের কাছে তুলে ধরা হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এসব দাবি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন নেতারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, নায়েবে আমির আবু হারিস মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আবুল বাশার, উপজেলা আমির মোহাম্মদ জসিম উদ্দিন ও পৌরসভা আমির এহসান মাহমুদ রুবেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
জনসভা সফল করতে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
এস.এম.এস/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ