ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দলীয় এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
রিজভী জানান, আগামীকাল বিকেল ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। ইশতেহারে দেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো, অর্থনৈতিক সংস্কার এবং জনকল্যাণমূলক নানা অঙ্গীকার স্থান পাবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এই সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা সফল করতে ঢাকা ও আশপাশের এলাকার প্রার্থীদের অংশগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে রুহুল কবির রিজভী বলেন, "দেশের মানুষ ধানের শীষকে শুধু একটি প্রতীক নয়, বরং প্রাণের আবেগ মনে করে। দীর্ঘদিনের নিপীড়ন সহ্য করেও বিএনপি মানুষের অধিকারের কথা বলে আসছে। আমরা প্রত্যাশা করি, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।"
সরকারের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "শাক দিয়ে মাছ ঢাকা যায় না। বর্তমানে যা কিছু ঘটছে তা শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।" তিনি আরও দাবি করেন, বিএনপি সবসময় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে ক্ষমতায় গেছে এবং এবারও ব্যালটের মাধ্যমে তার প্রতিফলন ঘটবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ