ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪২ ব্যাটালিয়ন পৃথক অভিযানে ১৫৪ পিস ভারতীয় মাদকজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। দিনাজপুর জেলার বিরল ও বোচাগঞ্জ সীমান্তে পরিচালিত এসব অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বিজিবি ৪২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিরল উপজেলার ৬ নম্বর ভাণ্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৩৩১/৫-এস এলাকা থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আকরগ্রাম নামক স্থানে অভিযান চালায়। অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিরল উপজেলার নোনাগ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৪০) এবং পাকুড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মাসুদ পারভেজকে (৪৫) আটক করা হয়।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ আনিসুর রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং মাসুদ পারভেজকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন।
একই দিনে বিজিবির অন্য দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও ১২৪ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়: এনায়েতপুর বিওপি: বিরল উপজেলার বামনগাঁও এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। পরমেশ্বরপুর বিওপি: বোচাগঞ্জ উপজেলার চাালনিদীঘি গ্রাম এলাকা থেকে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৬ হাজার ২০০ টাকা। দণ্ডপ্রাপ্তদের বিরল থানায় সোপর্দ করা হয়েছে এবং পালিয়ে যাওয়া অন্য মাদক ব্যবসায়ীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবির এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টি.আই/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ