ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা একটি ডাব গাছের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত সজিব প্রামানিক উপজেলার উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে সজিব পাশের প্রতিবেশী আশরাফুল ইসলামের বাড়ির ডাব গাছে উঠে ডাব চুরি করার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। ওপর থেকে আছাড় খেয়ে পড়ায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, সজিব নিয়মিত নেশায় আসক্ত ছিলেন। তার পালক মা মাসুদা বেগম জানান, রাত আনুমানিক তিনটার দিকে সজিব নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতেই অবস্থান করছিলেন। পরে ভোরের দিকে তারা সজিবের মৃত্যুর খবর পান। নিহতের ভাই সোহেল রানার ভাষ্যমতে, ভোরে তারা জানতে পারেন সজিব ডাব চুরি করতে গিয়ে মারা গেছেন এবং ঘটনাস্থলে মরদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জামও পড়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম সংবাদমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ