ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-১ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে উপস্থিতির অভিযোগ তুলে তাদের গ্রেপ্তারের দাবিতে শিবচর থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়দানকারী একদল কর্মী। বুধবার রাত ৮টার দিকে শিবচর থানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশ করার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভকারীদের দাবি, গত মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরীর একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দীর্ঘদিন ধরে পলাতক এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ এমন কয়েকজন আলোচিত আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে অংশ নেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন জানান। জুলাই আন্দোলনের কর্মীদের অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের এভাবে প্রকাশ্যে সক্রিয় হওয়া আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। একইসঙ্গে এ ধরনের সংবেদনশীল ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
কর্মসূচিতে শাহাদাত হোসেন মিশন বক্তব্য প্রদান করেন। তিনি জানান, তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের দাবি ও স্মারকলিপি প্রশাসনের কাছে পৌঁছে দিয়েছেন। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করা না হলে আরও বৃহৎ ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, বিক্ষোভকারীরা নিজেদের জুলাই আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দিয়ে স্মারকলিপি দিয়েছেন। তারা সুনির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ বিষয়টি আমলে নিয়েছে এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে, তাদের আইনের আওতায় আনতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ