ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোর জেরে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়। সেই সময় থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, তারা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে না বলে জানায়।
প্রথমদিকে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোনো আনুষ্ঠানিক কারণ প্রকাশ করেনি পাকিস্তান। তবে গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই এই অবস্থান নিয়েছে তার দেশ।
শেহবাজ শরীফ বলেন, “আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি যে, আমরা ভারতের বিরুদ্ধে খেলব না। খেলার মাঠে কোনো রাজনীতি হওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত বিবেচনামূলক সিদ্ধান্ত নিয়েছি এবং বাংলাদেশের পাশে থাকা আমাদের দায়িত্ব। আমি মনে করি, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট নেওয়া ছিল যথাযথ সিদ্ধান্ত।”
ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের ম্যাচ খেলার কথা ছিল। তবে পাকিস্তান ইতিমধ্যে এই ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
এদিকে, ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ বিষয়ে পাকিস্তানকে সতর্ক করেছে। আইসিসি জানিয়েছে, ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে ভবিষ্যতে পাকিস্তানকে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে।
সূত্র: টিআরটি
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ