ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পুলক রায়, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভূমি সেবা দিতে গিয়ে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগে নয়াবিল–রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনা প্রকাশ পাওয়ার পর জেলাজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ভূমি সংক্রান্ত একটি কাজ দ্রুত ও সহজে করে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা গ্রহণ করছেন এবং তা অবলীলায় নিজের ব্যাগে রেখে দিচ্ছেন। ভিডিওতে তাকে ওই ব্যক্তির উদ্দেশে বলতে শোনা যায়, “এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই—তুই শুধু টাকা পাঠাবি।”
ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই বিষয়টিকে প্রশাসনিক দুর্নীতির একটি নগ্ন উদাহরণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন। স্থানীয় সূত্রগুলো জানায়, সংশ্লিষ্ট ভূমি অফিসে সেবা পেতে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই হয়রানি ও অনিয়মের অভিযোগ করে আসছিল। তবে এবার ঘুষ লেনদেনের সরাসরি ভিডিও প্রকাশ্যে আসায় ওই কার্যালয়ের দুর্নীতির চিত্রটি নতুন করে জনসমক্ষে উন্মোচিত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নয়াবিল গ্রামের এক ভুক্তভোগী অভিযোগ করে জানান, তার ২০ শতাংশ জমির নামজারি ও খারিজ করতে গেলে সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন আট হাজার টাকা দাবি করেন। অথচ সরকারিভাবে এই কাজের নির্ধারিত ফি মাত্র ১ হাজার ৭০ টাকা। অতিরিক্ত টাকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করলে ওই কর্মকর্তা ভুক্তভোগীকে জানান যে, শুধু সরকারি ফি দিলে কাজ হয় না, 'উপরের অনেক খরচ' আছে। এমনকি অনেক গ্রাহক দ্রুত কাজের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা অগ্রিম প্রদান করেন বলেও তিনি দাবি করেন বলে জানা গেছে।
অভিযুক্ত সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, ভিডিওটি কর্তৃপক্ষের নজরে এসেছে। প্রচারিত ভিডিওটির সত্যতা যাচাইয়ের কাজ চলছে এবং তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ