ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শামীম হাসান (৫০) নামে এক ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া–রংপুর মহাসড়কের মোকামতলা লস্করপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ইটবাহী ট্রাকের সজোরে ধাক্কায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহত শামীম হাসান শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি পেশায় একজন খোয়া ব্যবসায়ী ছিলেন। তবে এলাকায় তিনি দক্ষ পশু চিকিৎসক হিসেবেও ব্যাপক পরিচিত ছিলেন। দিন–রাত যখনই গবাদিপশুর অসুস্থতার খবর পেতেন, তখনই তিনি চিকিৎসায় ছুটে যেতেন বলে জানিয়েছেন শোকার্ত প্রতিবেশীরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে শামীম পাকুড়তলা এলাকার একটি ইটভাটা থেকে ট্রাকে খোয়া বোঝাই করে চন্ডিহারার দিকে যাচ্ছিলেন। তিনি ট্রাকচালকের পাশের আসনে বসা ছিলেন। লস্করপুর এলাকায় পৌঁছালে সড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে তাদের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিষ্ট হয়ে শামীমের মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শামীম হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্বজনরা। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটলেও হাইওয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ