ইনসাফ প্রতিষ্ঠায় ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দেবে: মাওলানা রফিকুল ইসলাম

ইনসাফ প্রতিষ্ঠায় ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দেবে: মাওলানা রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর: দেশে কোরআনের বিধান ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণকর সমাজ গড়ার লক্ষ্যে আসন্ন নির্বাচনে ভোটাররা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে গণরায় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাদারীপুর-৩ আসনের জামায়াত মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলাম। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় মাদারীপুর সদরের মাদ্রা বাজার এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় মাওলানা রফিকুল ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য এক ক্রান্তিকাল। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ (সা.)-এর মদিনা রাষ্ট্রে মানুষ যেভাবে সেবা, শান্তি ও নিরাপত্তা পেয়েছিল, বাংলাদেশের জনগণও সেই আদর্শভিত্তিক শাসন ব্যবস্থার সুফল পাওয়ার অধিকার রাখে। তিনি দাবি করেন, দেশের মানুষ বর্তমান শোষণমূলক ব্যবস্থার পরিবর্তন চায় এবং সেই কল্যাণকর পরিবর্তনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

এছাড়াও তিনি আসন্ন গণভোট প্রসঙ্গে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেশের জনগণের জন্য অধিকতর কল্যাণ বয়ে আনবে। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

মাদারীপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমানের প্রধান আতিথ্য ও ঝাউদি ইউনিয়ন শাখার আমীর মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির। সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তারা উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

বিকেলে শুরু হওয়া এই জনসভাটি স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে জনসভাটি শেষ হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন