ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে আর দারিদ্র্যের কশাঘাত থেকে মুক্তি পেতে চড়া সুদে ঋণের বোঝা মাথায় নিয়ে তিন বছর আগে পাড়ি জমিয়েছিলেন সুদূর দুবাইয়ে। কিন্তু সেই ঋণের টাকা পরিশোধ হওয়ার আগেই নিথর দেহ হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবেক ইউপি সদস্য হোসেন আলী (৪০)। শনিবার সকালে জানাজার নামাজ শেষে উপজেলার নারায়ণপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। হোসেন আলী ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ছয় ভাই-বোনের মধ্যে হোসেন আলী ছিলেন তৃতীয়। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করলেও তিন সন্তানের ভবিষ্যৎ ও সংসারের সুখের আশায় তিনি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। তিন বছর আগে প্রায় সাড়ে তিন লাখ টাকা ঋণ করে তিনি দুবাই পাড়ি জমান। হোসেন আলীর বড় মেয়ে দশম শ্রেণিতে, মেজো মেয়ে তৃতীয় শ্রেণিতে এবং ছোট ছেলেটি শিশু শ্রেণিতে পড়াশোনা করছে। বিদেশ যাওয়ার আগের ঋণ এবং পরবর্তী সময়ে সংসারের খরচ মেলাতে গিয়ে তিনি ক্রমেই ঋণগ্রস্ত হয়ে পড়েন। সেই ঋণের বোঝা মাথায় নিয়েই বিদেশের মাটিতে দিনরাত হাড়ভাঙা খাটুনি খাটতেন তিনি।
পারিবারিক দুর্যোগের কথা উল্লেখ করে হোসেন আলীর ভাই হাশেম আলী জানান, গত ২০ জানুয়ারি দুবাইয়ে কর্মরত অবস্থায় হঠাৎ স্ট্রোক করেন হোসেন আলী। এরপর সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৭ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। বিদেশের সমস্ত আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার রাত ৮টার দিকে তার মরদেহ দেশে এসে পৌঁছায় এবং ভোররাতে কোটচাঁদপুরের নিজ গ্রামে আনা হয়। হোসেন আলী এলাকায় একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি সাবদারপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং এন.বি.জে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে হোসেন আলীর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখতে শনিবার সকাল থেকে তার বাড়িতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় জমান। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সাবদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ এবং এন.বি.জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে এখন দিশেহারা পরিবারটি। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে মাথার ওপর ঋণের পাহাড়—সব মিলিয়ে পরিবারটিতে এখন কেবলই কান্নার রোল।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ