ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় স্বাস্থ্যসেবা খাতে চরম অনিয়ম ও নিয়ন্ত্রণহীনতার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) কর্তৃক অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান মাত্র ২৬টি হলেও বাস্তবে এর কয়েকগুণ বেশি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনুমোদনহীন এসব নামসর্বস্ব চিকিৎসা কেন্দ্রে নেই কোনো প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক বা প্রশিক্ষিত নার্স। এমনকি অনেক প্রতিষ্ঠানে মানসম্মত চিকিৎসা সরঞ্জাম বা ল্যাবরেটরি না থাকলেও ‘হাসপাতাল’ ব্যানার ব্যবহার করে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করা হচ্ছে। গ্রামগঞ্জ থেকে আসা সহজ-সরল রোগীরা উন্নত চিকিৎসার আশায় এসব কেন্দ্রে এসে অপচিকিৎসার শিকার হচ্ছেন এবং বিপুল অর্থ খোয়াচ্ছেন। এতে করে পুরো এলাকার জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
সচেতন মহলের অভিযোগ, কোনো ধরনের জবাবদিহিতা না থাকায় যত্রতত্র ব্যাঙের ছাতার মতো এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। তাদের দাবি, দ্রুত এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি বা ভুল চিকিৎসার মতো ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে লাইসেন্সবিহীন ও লাইসেন্স নবায়নহীন প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুতই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। তবে এলাকাবাসীর দাবি, শুধুমাত্র লোকদেখানো অভিযান নয় বরং জনস্বার্থে এসব অবৈধ ব্যবসা কেন্দ্র স্থায়ীভাবে বন্ধ করতে প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ