ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোংলা প্রতিনিধি: সুন্দরবনের বিলুপ্তপ্রায় ডলফিন সংরক্ষণে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি’র (UNDP) অর্থায়নে বাস্তবায়িত একটি প্রকল্পে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বনজীবী ও পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, ডলফিনের আবাসস্থল রক্ষা ও জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বরাদ্দ পাওয়া প্রায় ১৩ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা) বন বিভাগ ও সংশ্লিষ্ট দুটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তাদের যোগসাজশে নয়-ছয় করা হয়েছে। ফলে প্রকল্পের প্রকৃত লক্ষ্য অর্জিত হয়নি এবং প্রান্তিক বনজীবীরা প্রতিশ্রুত সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের ইরাবতী ও গাঙ্গেয় ডলফিন সংরক্ষণের লক্ষ্যে ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ‘এপাসি’ (EPASIIAEP) নামক প্রকল্পটি বাস্তবায়িত হয়। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ডলফিনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরা বন্ধ রেখে জেলেদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা। তবে মাঠপর্যায়ের বনজীবীদের দাবি, বিকল্প কর্মসংস্থানের জন্য দেওয়া উপকরণ ও অর্থ প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছায়নি। স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন, অভয়ারণ্যে মাছ ধরা নিষিদ্ধ হওয়ায় তারা সংকটে পড়লেও প্রকল্পের পক্ষ থেকে মানসম্মত সহায়তা পাননি। অনেক ক্ষেত্রে নিম্নমানের উপকরণ দেওয়া হয়েছে অথবা তালিকা তৈরিতে স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে, যার ফলে জেলেরা পুনরায় দাদন নিয়ে নৌকা ও জাল কিনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরতে বাধ্য হচ্ছেন।
প্রকল্পের দলনেতা মো. সুমন স্বীকার করেছেন যে, উপকারভোগীদের তালিকা তৈরিতে বিচ্যুতি ঘটেছে এবং অনেক ক্ষেত্রে প্রকৃত বনজীবীদের পরিবর্তে অযোগ্য ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন বাস্তবায়নকারী এনজিও ‘কোডেক’-এর প্রোগ্রাম অর্গানাইজার জয়নাল আবেদীন জয়। তার দাবি, প্রায় এক হাজার বনজীবীকে গড়ে ৪০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। প্রকল্পের আরেক অংশীদার এনজিও ‘সিএনআরএস’-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান যে, প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তবে বনজীবী ও পরিবেশবাদীদের দাবি, যদি সঠিক তদন্ত করা হয় তবে এই প্রকল্পে বড় ধরনের আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যাবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ