ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নির্বাচনী ফেস্টুন পুড়িয়ে দেওয়া এবং সমর্থকের দোকান ভাঙচুরের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শহর।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে শহরের দয়াময়ী চত্বরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের দেউরপাড় চন্দ্রা সাতরাস্তা মোড়ে সোহেল রানা খানের পক্ষে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন লাগানো হয়। এ সময় ১২নং ওয়ার্ড বিএনপির (দক্ষিণ) সভাপতি বিজু আহম্মেদ ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের নেতৃত্বে ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি ফেস্টুনগুলো ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়। তারা সোহেল রানা খানের সমর্থক দোকানদার সোহেলকে মারধর করে এবং তাঁর দোকান ভাঙচুর করে মালামাল লুটে নেয়।
মেয়র প্রার্থী সোহেল রানা খান বলেন, “প্রতিপক্ষ প্রার্থী শাহ মাসুদের সমর্থকরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তারা পবিত্র রমজান ও ঈদের মুখে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান গুড়িয়ে দিয়েছে এবং তাঁকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।”
তবে অভিযুক্ত আব্দুল হান্নান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব অভিযোগ ভিত্তিহীন, এমন কোনো ঘটনাই ঘটেনি।”
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী দোকানদার সোহেল বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মানবন্ধনে বক্তব্য রাখেন ইকরাম হোসেন মানিক, হাবিবুর রহমান রতন, আমজাদ হোসেন সুজনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ